
(১০ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:৪৫ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গায় প্রতিদিন দেড় থেকে দুই ডিগ্রি করে তাপমাত্রা কমে যাওয়ায় গোটা জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। কুয়াশা কম থাকলেও ঠান্ডা বাতাসে শীতের অনুভূতি প্রকট।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। চলতি শীত মৌসুমে এটিই চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা।
তিনি আরও জানান, এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, তখন বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
তাপমাত্রা দ্রুত কমে যাওয়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ, অসহায় ও ছিন্নমূলরা। ঠান্ডা বাতাস, রাতভর পড়া কুয়াশা ও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারণে তীব্র শীত অনুভূত হচ্ছে। টানা পাঁচ দিন ধরে সূর্যের দেখা না মেলায় শীত আরও প্রকট আকার ধারণ করেছে।
শীত থেকে বাঁচতে অনেককে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করতে দেখা গেছে। কনকনে ঠান্ডার কারণে সড়কে মানুষের চলাচলও কমে গেছে। সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে।