
(৬ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ৩:১৫ অপরাহ্ন
সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু, দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্মরণসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম। সভায় বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের উন্নয়নে তার কৃতিত্বপূর্ণ অবদানের বিভিন্ন দিক স্মরণ করেন।
সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।