
(১০ মাস আগে) ৭ জানুয়ারি ২০২৬, বুধবার, ১১:০৩ অপরাহ্ন
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ থেকে উদ্ধারকৃত আহত বাঘটির শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন খুলনা বন সংরক্ষক ইমরান আহমেদ।
রোববার দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, হরিণ শিকারীদের পাতা ফাঁদে আটকা পড়া বাঘটিকে উদ্ধার করে বন বিভাগের খুলনা বয়রা এলাকায় অবস্থিত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বন বিভাগের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাদ জুলকারনাইনের নিবিড় তত্ত্বাবধানে বাঘটির চিকিৎসা চললেও এটি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত না হওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রফেসর ড. হাদী নুর আলী খানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল গতকাল রাতে ঢাকা থেকে খুলনায় পৌঁছান। তারা বাঘটিকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করেন এবং আজ সকালে পুনরায় নিবিড় পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, বাঘটির অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। প্রথমদিকে এটি অত্যন্ত দুর্বল থাকলেও চিকিৎসার পর পানি পান ও খাদ্য গ্রহণ শুরু করেছে। পাশাপাশি ধীরে ধীরে এর মধ্যে স্বাভাবিক বন্য ক্ষিপ্রতা ফিরে আসছে। চিকিৎসক দল আশাবাদ ব্যক্ত করেন, স্বল্প সময়ের মধ্যেই বাঘটি সুস্থ হয়ে আবারও সুন্দরবনে ফিরে যেতে পারবে।
তারা আরও জানান, বর্তমানে বাঘটির ক্ষত শুকানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এ অবস্থায় মানুষের অতিরিক্ত সমাগম হলে সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে। যেহেতু এটি একটি সম্পূর্ণ বন্য প্রাণী এবং কখনো মানুষের সংস্পর্শে আসেনি, তাই সুস্থতার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।
সংবাদ সম্মেলনে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রেজাউল করিম চৌধুরী জানান, নানা প্রতিবন্ধকতার মধ্যেও বন বিভাগ চোরা শিকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ পর্যন্ত প্রায় ৩৫ হাজার ফুট অবৈধ ফাঁদ উদ্ধার করা হয়েছে। এসব ফাঁদের সঙ্গে জীবিত ও মৃত হরিণও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
এ সময় ভেটেরিনারি বিশেষজ্ঞ প্রফেসর ড. মোঃ গোলাম হায়দার, ডা. মোঃ গোলাম আজম চৌধুরী এবং ডা. নাজমুল হুদা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৪ জানুয়ারি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে আহত বাঘটি উদ্ধার করা হয়।