banglahour

পাকুন্দিয়ায় মসজিদে আগুন, ৩০ কোরআন শরীফ পুড়ে ছাই; আটক ১

অপরাধ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

(৯ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৩:২৩ অপরাহ্ন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একটি মসজিদে দুর্বৃত্তদের দেওয়া আগুনে অন্তত ৩০টি পবিত্র কোরআন শরীফ পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ ইতোমধ্যে পারভেজ মিয়া নামের এক সন্দেহভাজন যুবককে আটক করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের বালিয়াপাড়া এলাকার একটি মসজিদে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে স্থানীয় বাজারের একটি মাইক সার্ভিসের কয়েকজন কর্মচারী ওয়াজ মাহফিলের কাজ শেষে বাড়ি ফেরার সময় মসজিদের বারান্দায় আগুন জ্বলতে দেখতে পান। তাদের চিৎকারে মসজিদের ইমামসহ এলাকাবাসী ছুটে এসে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই মসজিদের বারান্দায় মক্তবের শিক্ষার্থীদের জন্য রাখা প্রায় ৩০টি পবিত্র কোরআন শরীফ সম্পূর্ণ পুড়ে যায়।

মসজিদের ইমাম মাওলানা বায়েজিদ জানান, তিনি মসজিদের পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ পথচারীদের ডাকচিৎকারে ঘুম ভেঙে উঠে দেখেন, কে বা কারা পবিত্র কোরআন শরীফে আগুন ধরিয়ে দিয়েছে।

বুধবার সকালে ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান এবং ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপম দাস, জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফুল হক, আহুতিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামাল, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম এবং পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান সরুজ।

ইউএনও রুপম দাস বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল