
(৬ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:৪৭ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও দেশের মানুষের জন্য কাজ করেছেন বলেই জাতি তাকে মর্যাদার আসনে স্থান দিয়েছে—এমন মন্তব্য করেছেন খুলনা-৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় সংসদের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
বুধবার বিকেলে খুলনা মহানগরীর পূর্ব বয়রা এলাকায় এলাকাবাসীর আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে অনুষ্ঠিত আলোচনা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রকিবুল ইসলাম বকুল বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জীবনে বহু জুলুম-নির্যাতন সহ্য করেছেন এবং বারবার কারাবরণ করেছেন। চাইলে তিনি বিলাসী জীবন যাপন করতে পারতেন, কিন্তু নিজের সুখের কথা না ভেবে সবসময় দেশের জনগণ ও গণতন্ত্রের কথা ভেবেছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়াকে কারাভোগ করতে হয়েছে। তাই এই মূল্যবান ভোট যেন যোগ্য প্রার্থীকেই দেওয়া হয়। যে ভোটের মাধ্যমে খুলনার বন্ধ মিল-কারখানাগুলো পুনরায় চালু হবে, কর্মহীন মানুষ কাজের সুযোগ পাবে এবং আগামী প্রজন্মের খাদ্য, চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তা তৈরি হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খুলনা-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আবু হোসেন বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে খুলনা ইমাম পরিষদের বর্ষীয়ান নেতা মাওলানা সালেহ আহমেদ মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।