
(১০ মাস আগে) ৮ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:৫২ অপরাহ্ন
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী মাথাভাঙ্গা নদীতে মরা মুরগি ফেলে পরিবেশ দূষণের অভিযোগে আর.আর.পি. পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ৩টার দিকে পৌর শহরের ভিমরুল্লাহ এলাকায় অবস্থিত ওই পোল্ট্রি ফার্মে অভিযান পরিচালনা করে পরিবেশ দূষণের প্রমাণ পাওয়ার পর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আলাউদ্দীন আল আজাদ এ জরিমানা করেন।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী ম্যাজিস্ট্রেট মির্জা শহিদুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস জানান, মাথাভাঙ্গা নদীর তীর ও নদীর ভেতরে বিপুল পরিমাণ মরা মুরগি ফেলে রাখার প্রমাণ পাওয়া গেছে। এতে নদীর পানি মারাত্মকভাবে দূষিত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(গ) ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় আর.আর.পি. পোল্ট্রি ফার্মের স্বত্বাধিকারী আব্দুস সালামকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে নদীর তীর ও আশপাশের এলাকায় ফেলা সব বর্জ্য পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সতর্ক করে জানায়, ভবিষ্যতে কেউ পরিবেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।