banglahour

যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের

জাতীয় | তাহিরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি,ঢাকা ।

(৫ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৩:১১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৮ অপরাহ্ন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক ও শুল্ক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ ছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্রেন্ডান লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করেন।

বৈঠকে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে গৃহীত পদক্ষেপগুলোর অগ্রগতি তুলে ধরেন। তিনি জানান, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং চুক্তির কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ইতোমধ্যে বাস্তবায়ন করেছে।

ড. রহমান বলেন, ‘পারস্পরিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বড় অগ্রগতি অর্জন করেছে।’ এ প্রেক্ষাপটে তিনি বিদ্যমান ২০ শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত গ্রিয়ার এ প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন।

এছাড়া যুক্তরাষ্ট্রীয় কাঁচামাল বা উপাদান ব্যবহার করে তৈরি পোশাকের ওপর আরোপিত পারস্পরিক শুল্ক কমানো বা সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাবও দেন ড. খলিলুর রহমান। রাষ্ট্রদূত গ্রিয়ার এ প্রস্তাবটিও গুরুত্বের সঙ্গে বিবেচনার কথা জানান।

বৈঠকে উভয় পক্ষ দ্রুতগতিতে কয়েকটি অমীমাংসিত বিষয় নিষ্পত্তি করে পারস্পরিক শুল্ক চুক্তিটি চূড়ান্ত ও দ্রুত বাস্তবায়নের বিষয়ে একমত হন।

ড. রহমান বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়লে দুই দেশের ব্যবসায়িক যোগাযোগও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এ লক্ষ্যে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশ অন্তর্ভুক্ত হওয়ায় ব্যবসায়িক ভ্রমণ সহজ করতে রাষ্ট্রদূত গ্রিয়ারের সদয় ভূমিকা কামনা করেন তিনি।

এছাড়াও বাংলাদেশের বেসরকারি খাতের জন্য যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) তহবিলে প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাষ্ট্রদূত গ্রিয়ার।

বৈঠকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম ড. খলিলুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন। অন্যদিকে ইউএসটিআরের পক্ষে সহকারী প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান আগামীকাল যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন বলে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল