banglahour

ধর্মঘট প্রত্যাহারেও বাজারে এলপিজি সংকট, বিপাকে নগরবাসী

জাতীয় | শাহরিয়ার রহমান । নিজস্ব প্রতিবেদক

(১০ মাস আগে) ৯ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১১:৪৫ অপরাহ্ন

এলপিজি মালিক সমিতির ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা এলেও রাজধানীর খুচরা বাজারে এর কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। দৈনন্দিন রান্নার কাজে ব্যবহৃত জ্বালানি এলপিজির তীব্র সংকটে পড়েছেন নগরবাসী। ঘরে ঘরে রান্না ব্যাহত হওয়ার পাশাপাশি গ্যাস সংকটে বন্ধ হয়ে গেছে রাজধানীর অনেক হোটেল-রেস্তোরাঁ।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-এর সঙ্গে বৈঠকের পর এলপিজি মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ এলপিজি সিলিন্ডার বিক্রেতার দোকানই তালাবদ্ধ। যেসব দোকান খোলা রয়েছে, সেখানেও সংকটের অজুহাতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি করা হচ্ছে।

খুচরা বিক্রেতাদের তথ্যমতে, ১২ কেজি এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায়, যা নির্ধারিত মূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। ফলে সাধারণ ভোক্তারা পড়েছেন চরম ভোগান্তিতে।

গ্যাস সংকটের কারণে বাসাবাড়িতে স্বাভাবিক রান্নাবান্না কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে রাজধানীর বহু হোটেল ও রেস্তোরাঁয় রান্না বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। কোথাও কোথাও বিকল্প হিসেবে কাঠের চুলা ব্যবহার করা হলেও অধিকাংশ প্রতিষ্ঠান লোকসানের আশঙ্কায় খাবার সরবরাহ বন্ধ করে দিয়েছে।

ভুক্তভোগী নগরবাসী অভিযোগ করে বলেন, ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা থাকলেও বাস্তবে গ্যাসের কোনো সরবরাহ পাওয়া যাচ্ছে না। আবার কোথাও পাওয়া গেলেও অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছেন তারা।

অন্যদিকে পাইকারি ও খুচরা বিক্রেতারা বলছেন, এলপিজি কোম্পানিগুলো ডিলার পর্যায়ে চাহিদা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করছে না। ফলে বাজারে কৃত্রিম সংকট তৈরি হচ্ছে এবং তার প্রভাব পড়ছে ভোক্তা পর্যায়ে।

খুচরা বিক্রেতারা আরও অভিযোগ করেন, সরবরাহ স্বাভাবিক না থাকায় কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নিয়ে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করছেন। এ অবস্থায় সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার ভোক্তার কাছে পৌঁছাতে নিয়মিত প্রশাসনিক তদারকি জোরদারের দাবি জানিয়েছেন তারা।

বিশেষজ্ঞরা মনে করছেন, দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক না হলে এলপিজি সংকট আরও তীব্র আকার ধারণ করতে পারে, যা নগর জীবনে বড় ধরনের অচলাবস্থা সৃষ্টি করবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল