
(৯ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৪২ অপরাহ্ন
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর উদ্যোগে সীমান্তবর্তী এলাকার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে ৪৮ বিজিবির অধীনস্থ কালাসাদেক বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শনিবার পাঁচ শতাধিক গরিব, অসহায় ও দুস্থ মানুষের হাতে ৫০০টি কম্বল তুলে দেওয়া হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন কর্নেল মোহাম্মদ সালাহউদ্দীন, পিএসসি, উপ-মহাপরিচালক ও সেক্টর কমান্ডার, সিলেট সেক্টর সদর দপ্তর।
এ সময় আরও উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক, অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। এছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সীমান্তবর্তী দুর্গম এলাকার মানুষের দুঃখ-কষ্ট লাঘবে বিজিবির এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।