
(৮ মাস আগে) ১০ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৪৩ অপরাহ্ন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বড়বলদিয়া স্কুল অ্যান্ড কলেজ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে শত শত শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মামুদ বিকেল পৌনে ৩টায় পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়। এদিন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের উপস্থিতিতে ব্যাটালিয়নের সদর ও দামুড়হুদা উপজেলায় প্রায় ৪০০ জন শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শীতের তীব্রতা মোকাবিলায় এই মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।
এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়। বিজিবির এই কার্যক্রমে স্থানীয় জনগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সন্তোষ প্রকাশ করে সমাজকল্যাণে বাহিনীর মানবিক ভূমিকার প্রশংসা করেন।