banglahour

স্বাস্থ্য খাতে জিয়া পরিবারের অবদান অবিস্মরণীয়: খন্দকার মুক্তাদির

রাজনীতি | সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, ১১:২৬ অপরাহ্ন

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার দূরদর্শী ও যুগান্তকারী ভূমিকা ইতিহাসে অমলিন হয়ে থাকবে। তাঁদের নেওয়া উদ্যোগের সুফল আজও দেশের সাধারণ মানুষ ভোগ করছে।

তিনি বলেন, শহীদ জিয়ার ঘোষিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচির মধ্যে অন্যতম ছিল দেশবাসীর জন্য ন্যূনতম চিকিৎসাসেবা নিশ্চিত করা, যা তিনি বাস্তবায়নের মাধ্যমে প্রমাণ করেছিলেন। স্বাধীনতার পর দেশে অপুষ্টি, গুটি বসন্ত, ডায়রিয়া, কলেরা ও বিভিন্ন জলবাহিত রোগে জনস্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লেও শহীদ জিয়া দ্রুত এই খাতে কার্যকর পদক্ষেপ নেন।

খন্দকার মুক্তাদির আরও বলেন, পরবর্তীতে ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকার ক্ষমতায় এসে স্বাস্থ্যখাতে আন্তর্জাতিক সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহযোগিতায় মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং টিটেনাস টিকাদান কর্মসূচিসহ গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করে। এসব পদক্ষেপ দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছে। ভবিষ্যতেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্বাস্থ্য খাতকে আরও পরিকল্পিত ও আধুনিক করার লক্ষ্যে কাজ করা হবে।

তিনি নগরীর ১নং ওয়ার্ডে ফ্রি ভ্রাম্যমাণ মেডিকেল টিমের চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুফতি রায়হান উদ্দিন মুন্নার সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি বাবু নিহার রঞ্জনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল