
(৫ মাস আগে) ১১ জানুয়ারি ২০২৬, রবিবার, ১১:৩১ অপরাহ্ন
বিএনপির সাবেক চেয়ারপার্সন, তিনবারের প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী ছিলেন না, তিনি ছিলেন গণতন্ত্র, স্বাধীনতা ও আপোষহীন নেতৃত্বের প্রতীক। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে দেশ পরিচালনা করেছেন। তাঁর আদর্শ, ত্যাগ ও নেতৃত্ব আজও গণতন্ত্রকামী মানুষের অনুপ্রেরণার উৎস।
তিনি বলেন, চিকিৎসা শেষে লন্ডনে অবস্থানকালে নেত্রীর সান্নিধ্যে থেকে দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার করেন তিনি। সেই অঙ্গীকার থেকেই স্থায়ীভাবে দেশে ফিরে জনগণের সেবায় আজীবন কাজ করে যাওয়ার প্রত্যয় নিয়েছেন।
এম এ মালিক আরও বলেন, “আজকের এই শোককে আমাদের শক্তিতে রূপান্তর করতে হবে। বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনে দেশবাসীর সমর্থনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করাই আমাদের লক্ষ্য।”
অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। তিনি বিএনপির পক্ষে এবং এম এ মালিকের নেতৃত্বে এই অঞ্চলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফি, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ নেহারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।