
(৯ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৫:০৫ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি তৃতীয় দিনের মতো শুরু হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে নির্বাচন কমিশন ভবনে এই শুনানি শুরু হয়, যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।
শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররা উপস্থিত রয়েছেন। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনের কাছে তাদের আপিল উপস্থাপন করছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এর আগে প্রথম দুই দিনে মোট ১৪০ জন প্রার্থীর আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে কমিশনের সিদ্ধান্তে ১১০ জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পান। অপরদিকে, ২২ জন প্রার্থীর আপিল আবেদন নামঞ্জুর করা হয়। বাকি আপিলগুলো বিভিন্ন কারণে মুলতবি রাখা হয়।
কমিশন জানিয়েছে, আইন ও বিধি অনুযায়ী স্বচ্ছতা বজায় রেখে প্রতিটি আপিল নিষ্পত্তি করা হচ্ছে। ধারাবাহিকভাবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে।
উল্লেখ্য, আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর শুরু হবে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক ধাপ। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব কার্যক্রম নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করা হবে।