banglahour

নির্বাচনে জনগণের আস্থা পুনর্গঠনই সরকারের মূল লক্ষ্য

জাতীয় | আবু মুছা জীবন | চট্টগ্রাম প্রতিনিধি

(৬ মাস আগে) ১২ জানুয়ারি ২০২৬, সোমবার, ৯:১৬ অপরাহ্ন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, নির্বাচনে জনগণের আস্থা পুনর্গঠনই সরকারের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “আমরা এখানে এসেছি ট্রাস্ট বিল্ডিং করতে। জনগণকে বোঝাতে চাই, সরকার একটি স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে যাচ্ছে।”

আজ সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এবং চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সহযোগিতায় অনুষ্ঠিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি। প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে প্রিন্ট, অনলাইন, মাল্টিমিডিয়া ও টেলিভিশনের ১০০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ।

বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন বলেন, “প্রশিক্ষণে মূলত দুটি বিষয় থাকে। একটি ইনফরমেশন, অপরটি ফিলোসফি। ইনফরমেশনের মধ্যে পড়ে নির্বাচন কীভাবে পরিচালিত হবে, আচরণবিধি কী, দায়িত্ব পালন কিভাবে করতে হবে। ফিলোসফি হলো কেন এই দায়িত্ব পালন করতে হবে, সাংবাদিকদের কাছে কী প্রত্যাশা এবং এর মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উপকার।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের শাসন ব্যবস্থায় প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। নানা সময়ে প্রতিষ্ঠানগুলো ব্যক্তিগত বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হওয়ায় জনগণের আস্থা কমে গেছে।”

বিশেষ অতিথি, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, “গণভোট নিয়ে মানুষের মধ্যে এখনও বিভ্রান্তি আছে। হ্যাঁ দিলে কী হবে, না দিলে কী হবে, সচেতনতা সৃষ্টির দায়িত্ব সাংবাদিকদের।”

সভাপ্রধান, পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, “গত ১৫ বছরে দেশের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, জাতীয় মসজিদের ইমামকেও পালিয়ে যেতে হয়েছিল। এটি রাষ্ট্র ও সমাজের কতটা দমনমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল তার প্রমাণ।”

অনুষ্ঠানে সাংবাদিক শাহনেওয়াজ রিটন সঞ্চালনা করেন। এছাড়া বক্তব্য রাখেন সিএমইউজের সাধারণ সম্পাদক সালেহ নোমান ও পিআইবি প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্যরা, সিনিয়র সহসভাপতি, সহসভাপতি, বিভিন্ন সম্পাদক ও কার্যকরী সদস্যগণ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল