banglahour

হাদী হত্যার বিচার দাবিতে মুক্তাগাছায় মানববন্ধন

রাজনীতি | রিপন সারওয়ার | ময়মনসিংহ প্রতিনিধি

(৫ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:০৫ অপরাহ্ন

ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ময়মনসিংহ–টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মুক্তাগাছা শহরের ঢলুয়াবিল এলাকা থেকে তালুকদার ক্লিনিক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা হাতে ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন এবং গলায় বিচার দাবির স্লোগানসংবলিত ব্যানার ঝুলিয়ে প্রতিবাদ জানান। পুরো এলাকায় শোক, ক্ষোভ ও প্রতিবাদের পরিবেশ তৈরি হয়।

এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মুক্তাগাছা আব্বাসিয়া কামিল মাদ্রাসা, মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, মানাজিল প্রি-ক্যাডেট মাদ্রাসা ও মুক্তাগাছা রেসিডেন্সিয়াল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।

মুক্তাগাছা ইনকিলাব মঞ্চের উদ্যোগে মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইনকিলাব মঞ্চের প্রধান উপদেষ্টা ও এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শামীম, রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার পরিচালক আজিজুল হাকিম শাহীন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হক, যুগ্ম আহ্বায়ক আবদুল বাছির নোমানী, এমএন ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের চিফ কো-অর্ডিনেটর আবু বকর ছিদ্দিক এবং ইনকিলাব মঞ্চের সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা খাইরুল ইসলাম।

বক্তারা বলেন, হাদী হত্যার বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি করেছে। দ্রুত সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি দেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা পুনরায় হাদী হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল