banglahour

নারী অগ্রযাত্রায় খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয়: খন্দকার মুক্তাদির

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:০১ অপরাহ্ন

সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন রাজনীতিতে এক ব্যতিক্রমী ও উজ্জ্বল ব্যক্তিত্ব। তাঁর শালীনতা, সংযত আচরণ ও পরিমিত কথাবার্তা এ দেশের শান্তিকামী মানুষকে দীর্ঘদিন অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, সাধারণ গৃহবধূ থেকে রাজনীতির কঠিন ময়দানে উঠে এসে জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নেতৃত্ব দেওয়া খালেদা জিয়ার জীবনের এক অনন্য দৃষ্টান্ত। আপসহীন মনোভাব, দৃঢ় অবস্থান ও দায়িত্ববোধের কারণে বারবার নিপীড়ন ও নির্যাতনের শিকার হলেও তিনি কখনো নীতি ও আদর্শ থেকে সরে আসেননি।

দক্ষিণ সুরমার মোমিনখলাসহ নগরীর বিভিন্ন স্থানে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল এবং নিস্বার্থ পরিবারের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে ক্বীন ব্রিজ সংলগ্ন চান্দের হাটে কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির আরও বলেন, খালেদা জিয়া নারী নেতৃত্বের ক্ষেত্রে ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর শাসনামলে নারী শিক্ষা ও ক্ষমতায়ন এগিয়ে নিতে কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল। একই সঙ্গে তিনি স্বীকার করেন, রাজনৈতিক বাস্তবতায় তাঁর শাসনামল নিয়ে সমালোচনা ও বিতর্কও ছিল, যা তাঁকে সমর্থক ও সমালোচক,উভয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সিনিয়র সহ-সভাপতি ডা. নাজমুল ইসলাম।

বিএনপির মোমিনখলা পাড়া কমিটির সভাপতি আবু হাসান সাহেদের সভাপতিত্বে এবং মহানগর বিএনপির সহ-সভাপতি আফজল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ মুকুল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও এলাকাবাসীর প্রতিনিধি আশফাক আহমদ। দোয়া পরিচালনা করেন মোমিনখলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল হোসেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল