
(৫ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:০৪ অপরাহ্ন
বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআনে খতম, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিলেট দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী এম এ মালিক বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী চক্র যেন এই পবিত্র দোয়া মাহফিলকে আন্ডারমাইন্ড করতে না পারে, সে কারণে তিনি আজ কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। তবে আগামী ২২ তারিখের পর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে পৃথক রাজনৈতিক কর্মসূচি আয়োজনের ঘোষণা দেন তিনি।
এম এ মালিক বলেন, “আজ এখানে জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং সম্মানিত মুরুব্বিদের উপস্থিতি আমাকে অত্যন্ত আনন্দিত করেছে। এই দোয়া মাহফিল আয়োজনের জন্য যুবক, ছাত্র ও সাংবাদিক ভাইদের প্রতি বিএনপি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
তিনি আরও বলেন, বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত সকলের প্রতি সালাম ও শ্রদ্ধা জানিয়েছেন এবং মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেছেন। উপস্থিত সবাইকে তারেক রহমানের সালাম গ্রহণ করার আহ্বান জানান তিনি।
এম এ মালিক বলেন, “কিছু চক্রান্তকারী মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দোয়া মাহফিলকে ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছে। তারা দোয়ায় অংশ না নিয়ে বাইরে অবস্থান করছে। এ কারণেই আজ আমি রাজনৈতিক বক্তব্য দেব না।”
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই জালালপুরে আরেকটি রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে জেলা বিএনপির সভাপতি ও দলের আন্তর্জাতিক সম্পাদক আব্দুস সালাম উপস্থিত থাকবেন। ওই দিন তিনি বিস্তারিত রাজনৈতিক বক্তব্য দেবেন।
ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে এম এ মালিক বলেন, “বেগম খালেদা জিয়া যখন চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন, দেশে ফেরার সময় কাতার এয়ার অ্যাম্বুলেন্সে আমি তাঁর সফরসঙ্গী ছিলাম। দেশে ফিরে তিনি আমাকে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করার নির্দেশ দেন। আমি তাঁকে কথা দিয়েছি দেশেই থাকব এবং দেশের মানুষের সেবা করব।”
তিনি আরও জানান, “এই অঙ্গীকারের অংশ হিসেবেই গত ১৬ ডিসেম্বর আমি লন্ডনে আমার ব্রিটিশ সিটিজেনশিপ ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করেছি। আমি ও আমার স্ত্রী আজীবনের জন্য বাংলাদেশে ফিরে এসেছি। চাই, এই দেশেই আমার মৃত্যু হোক।”
শেষে এম এ মালিক দেশ, দল এবং দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর জন্য দোয়া কামনা করেন এবং বলেন, “আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।”
দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।
জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দুর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, উপদেষ্টা অধ্যক্ষ জিল্লুর রহমান সোহেল, প্রচার সম্পাদক লোকমান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম তোরণ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সাবেক আহ্বায়ক তোফাজ্জল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কোহিনূর আহমেদ, বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ।