
(৫ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:০৬ অপরাহ্ন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ৬নং মানকোন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও লেংড়াবাজার সিনিয়র আলিম মাদরাসার সাবেক সভাপতি সুলতান মাহমুদ ছিলু (৬৩) আর নেই। সোমবার রাত সাড়ে ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর জানাজা নামাজ শেষে উপজেলার নিমুরিয়া গ্রামে নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
রাজনীতিতে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও সুলতান মাহমুদ ছিলু এলাকায় দল-মত নির্বিশেষে একজন সৎ, সজ্জন ও গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।
তার জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দ, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জাকারিয়া হারুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম শাহরিয়ার শরীফ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শামসুল হক, সেক্রেটারি আব্দুল্লাহ আল মোজাহিদ, মানকোন ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম তারা, সাবেক ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম আমিনুল হকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।