
(৫ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:১০ অপরাহ্ন
খুলনার ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও বাজারে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সরকারের ও সমাজের জন্য জরুরি, এমনটাই মনে করেন কেন্দ্রীয় বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। তিনি বলেন, ব্যবসায়ীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, তাই তাদের জন্য নিরাপদ ও সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে হবে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় খুলনার শিরোমনি শহীদ মিনার চত্বরে শিরোমনি বাজার বণিক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
রকিবুল ইসলাম বকুল বলেন, কোনো প্রকার চাঁদাবাজি বা অরাজকতা বরদাশত করা হবে না। ব্যবসায়ীদের পাশে থেকে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে বিএনপি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শিরোমনি বাজারের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মীর কায়ছেদ আলী, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, শেখ ইকবাল হোসেন ও এস এ রহমান বাবুল। এছাড়া জেলা যুবদলের আহ্বায়ক ইবাদুল হক রুবায়েদ, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আবু সাইদ হাওলাদার আব্বাস এবং অন্যান্য নেতৃবৃন্দ ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।