
(৯ মাস আগে) ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৯:৫৩ অপরাহ্ন
মহান বিজয় দিবসে এক অনন্য কীর্তির মাধ্যমে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে বাংলাদেশ। সর্বাধিক জাতীয় পতাকা হাতে একসঙ্গে প্যারাস্যুটিং (স্কাইডাইভিং) করে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে ‘টিম বাংলাদেশ’।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়ার্ল্ড রেকর্ডস ম্যানেজমেন্ট টিম আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতির বিষয়টি টিম বাংলাদেশের কাছে নিশ্চিত করে।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে প্রকাশিত বর্ণনা অনুযায়ী, স্কাইডাইভিং করার সময় একযোগে সর্বাধিক ৫৪টি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই নতুন বিশ্ব রেকর্ড স্থাপন করা হয়। গত ১৬ ডিসেম্বর ২০২৫, বাংলাদেশের মহান বিজয় দিবসে ঢাকায় এই ঐতিহাসিক রেকর্ডটি সফলভাবে অর্জিত হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিজ্ঞ স্কাইডাইভারদের সমন্বয়ে গঠিত ‘টিম বাংলাদেশ’ এই উদ্যোগে অংশ নেয়। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে তারা জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সহযোগিতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম অন্তর্ভুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন,আজ দেশের সকল মানুষের জন্যই এটি একটি গর্বের দিন। এই আনন্দ আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।
এই ঐতিহাসিক প্যারাস্যুটিংয়ে অংশগ্রহণ করেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ মোহাম্মদ আসাদুজ্জামান, খন্দকার জাহাঙ্গীর আলম, মো. নান্নু মিয়া, মো. মাহমুদুল ইসলাম, মোহাম্মদ শিহাব শেখ, মো. আরিফুর রহমান, ফরহাদ আহমেদ, মো. নজরুল ইসলাম, মো. কামরুল হাসান, মো. শফিকুল ইসলাম, মো. আশিকুল ইসলাম, মো. সিরাজুল হক, মোহাম্মদ আলমগীর কবির, মো. রমজান আলী, মো. মনোয়ার হোসেন, মো. শরীফ আহমেদ, বশির আহমেদ, মো. মাহমুদুল হাসান, রাকিবুল ইসলাম, মো. আবু সায়েম, মো. আবু হাসান চৌধুরী, ওমর ফারুক, মনিরুল ইসলাম, সৌরভ আকন্দ রাসেল, মো. মনিরুজ্জামান, এস. এম. রাজিবুল ইসলাম, মো. নুরুল হাসিব, মো. সাজ্জাদুল ইসলাম, আব্দুল আলিম, আরাফাত রহমান, মো. হুমায়ুন কবির, মো. রুবেল হক, মো. সলীম আলী, মো. মহসিন, মো. বিন ইবনুল ইসলাম, এস. এম. এলমা আজম, মঈনুল ইসলাম, মো. তানভীর হোসেন হিমেল, মো. সরোয়ার আলম খান, মিলন চন্দ্র বর্মণ, এস. কে. মো. নাসিম উদ্দিন, মো. সাকিম মাহমুদ, মো. তাইফুর রহমান, মুহাম্মদ রাসেল মাহমুদ, ইমরান আল জিহাদ, মো. মাহেদী হাসান, মো. আশিকুর রহমান, মো. শাহজাহান আলী, আলমগীর হোসেন, মো. জাকির মিয়া, রুবেল মিনিস, মো. নাসির উদ্দিন ও মো. তৌফিকুর রহমান।
এই অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।