banglahour

জৈন্তাকে নতুন রূপে গড়ার আহ্বান: আরিফুল হক

সারাদেশ | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৯ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৯:৫৯ পূর্বাহ্ন

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রাকৃতিক সৌন্দর্য ও খনিজ সম্পদে সমৃদ্ধ জৈন্তাপুরকে নতুনভাবে সাজাতে হবে। ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ করে এ অঞ্চলকে পরিকল্পিত পর্যটন এলাকায় রূপান্তর করা জরুরি।

তিনি বলেন, আধুনিক শিক্ষায় আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তাঁর নেতৃত্বেই দেশে আধুনিক শিক্ষার বিস্তারে যুগান্তকারী পরিবর্তন আসে। মেয়েদের জন্য অবৈতনিক শিক্ষা, শিক্ষা উপবৃত্তি, জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেন, যা নারী শিক্ষা ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন, দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের বিনা বেতনে পড়াশোনা, ‘শিক্ষার জন্য খাদ্য’ কর্মসূচি এবং ছাত্রী উপবৃত্তি চালুর মাধ্যমে শিক্ষা বিস্তারে বেগম খালেদা জিয়া ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন।

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দিনব্যাপী দোয়া মাহফিলের আগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যুগোপযোগী ও কারিগরি শিক্ষার বিকল্প নেই। তথ্যপ্রযুক্তিনির্ভর এই সময়ে নতুন প্রজন্মকে আধুনিক ও বাস্তবমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। পাশাপাশি পরিবার থেকেই নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর তিনি গুরুত্ব দেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী বলেন, জৈন্তাপুর একটি প্রাচীন ও অবহেলিত জনপদ। এখানে সড়ক, শিক্ষা, বিশুদ্ধ পানি ও চিকিৎসা সেবার ঘাটতি রয়েছে। আল্লাহর রহমতে যদি জনগণ তাকে নির্বাচিত করেন, তবে এক বছরের মধ্যেই এসব মৌলিক সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে ইনশাআল্লাহ।

দোয়া মাহফিলগুলোতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল