banglahour

শিপিং কর্পোরেশনকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখতে হবে: প্রধান উপদেষ্টা

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা ।

(৯ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ২:২২ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে (বিএসসি) একটি শক্তিশালী ও লাভজনক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিসেবে টিকিয়ে রাখতে হবে। সাম্প্রতিক সময়ে বিএসসি যেভাবে লাভজনক অবস্থানে পৌঁছেছে, তা ধরে রাখার পাশাপাশি ভবিষ্যৎ সম্প্রসারণে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ জরুরি।

বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিপিং কর্পোরেশন কর্তৃক সরকারের অনুকূলে ২০৩ কোটি ৪৭ লাখ টাকা পরিশোধ উপলক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক প্রধান উপদেষ্টার হাতে এই চেক হস্তান্তর করেন। এই অর্থ ৬টি জাহাজ ক্রয় প্রকল্পের জন্য গৃহীত ঋণের কিস্তি এবং ২০২৪–২৫ অর্থবছরে ঘোষিত লভ্যাংশ থেকে সরকারের প্রাপ্য অর্থ হিসেবে পরিশোধ করা হয়।

প্রধান উপদেষ্টা বলেন,
“ভবিষ্যতে এমনভাবে পরিকল্পনা করতে হবে, যাতে বিএসসি’র আয় দিয়েই প্রতিষ্ঠানটি আরও শক্তিশালী হয় এবং বহরে নতুন নতুন জাহাজ যুক্ত করা সম্ভব হয়।”

তিনি আরও বলেন, বিএসসি’র বহরে নতুন জাহাজ যুক্ত হলে নাবিকদের মধ্যে উৎসাহ বাড়বে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি মেরিন একাডেমিগুলোর প্রশিক্ষকদের যথাযথ সম্মানী ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে রাখতে হবে, যাতে তারা বিশ্বমানের নাবিক তৈরি করতে পারেন।

অনুষ্ঠানে বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, জি-টু-জি ভিত্তিতে ৬টি জাহাজ ক্রয় প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ সরকার (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ) ও চীন সরকার (চায়না এক্সিম ব্যাংক)-এর মধ্যে ১৪ অক্টোবর ২০১৬ তারিখে একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়। এই ঋণের মূল অর্থের পরিমাণ ছিল ১,১৯৯,৯৯৯,০৭০ ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১,৪৫৭ কোটি টাকা।

তিনি জানান, উক্ত ঋণ পরিশোধের লক্ষ্যে ২৭ অক্টোবর ২০২৪ তারিখে অর্থ বিভাগ ও বিএসসি’র মধ্যে একটি Subsidiary Loan Agreement (SLA) স্বাক্ষরিত হয়, যার আওতায় বিএসসি আগামী ১৩ বছরের মধ্যে মোট ২,৪২৫.০২ কোটি টাকা সরকারকে পরিশোধ করবে।

এর আগে SLA অনুযায়ী গ্রেস পিরিয়ডকালীন সুদের অর্থ বাবদ ৪৭৫.২৫ কোটি টাকার চেক গত ২৬ নভেম্বর ২০২৪ তারিখে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

কমডোর মাহমুদুল মালেক আরও জানান, দীর্ঘ ২৭ বছর পর ২০১৮–১৯ অর্থবছরে বিএসসি’র বহরে ৬টি নতুন বাণিজ্যিক জাহাজ যুক্ত হয়। এর মধ্যে ৫টি জাহাজ—এমভি বাংলার জয়যাত্রা, এমভি বাংলার অর্জন, এমটি বাংলার অগ্রযাত্রা, এমটি বাংলার অগ্রদূত এবং এমটি বাংলার অগ্রগতি—বর্তমানে আন্তর্জাতিক রুটে বাণিজ্যিক কার্যক্রমে নিয়োজিত রয়েছে এবং বাংলাদেশের পতাকা বহন করে সুনামের সঙ্গে পণ্য পরিবহন করছে।

তিনি বলেন, বিএসসি তার ৫৪ বছরের ইতিহাসে সর্বশেষ অর্থবছরে প্রায় ৮০০ কোটি টাকা আয় করে সর্বোচ্চ ৩০৬.৫৬ কোটি টাকা মুনাফা অর্জন করেছে, যার পেছনে বহরে সংযুক্ত নতুন জাহাজগুলোর অবদান গুরুত্বপূর্ণ।

প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে বিএসসি ইতোমধ্যে নতুন জাহাজ সংগ্রহে একাধিক উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২টি বাল্ক ক্যারিয়ার জাহাজ সংগ্রহ করা হচ্ছে। এর প্রথমটি ‘বাংলার প্রগতি’ গত ২৮ অক্টোবর ২০২৫ ডেলিভারি গ্রহণ করে বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হয়েছে। দ্বিতীয় জাহাজ ‘বাংলার নবযাত্রা’ আগামী ৩০ জানুয়ারি ২০২৬ ডেলিভারির জন্য নির্ধারিত রয়েছে।

এছাড়া সরকারি অর্থায়নে ২টি এমআর প্রোডাক্ট অয়েল ট্যাংকার, নিজস্ব অর্থায়নে ১টি আল্ট্রাম্যাক্স বাল্ক ক্যারিয়ার এবং চীন থেকে জি-টু-জি ভিত্তিতে আরও ৪টি বড় মাদার ভেসেল সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল