banglahour

পাথরবোঝাই ট্রাকের চাপায় সাবেক সেনা সদস্য নিহত

অপরাধ | রাশিদুল ইসলাম রাশেদ| কুড়িগ্রাম প্রতিনিধি

(৮ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৪:২৬ অপরাহ্ন

কুড়িগ্রাম শহরে পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে সাবেক সেনা সদস্য ও যাত্রাপুর ইউনিয়ন বিএনপির সদস্য নজরুল ইসলাম (৫৮) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ছেলে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কুড়িগ্রাম শহরের ব্যস্ত তারামন বিবি মোড়ে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নজরুল ইসলাম মোটরসাইকেলে করে ছেলেকে সঙ্গে নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম প্রাণ হারান এবং তার ছেলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত ছেলেকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নজরুল ইসলাম একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। পাশাপাশি তিনি এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন। তার আকস্মিক মৃত্যুতে যাত্রাপুর ইউনিয়নজুড়ে শোকের আবহ বিরাজ করছে।

এ ঘটনায় জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল