
(৫ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:২৩ অপরাহ্ন
সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের নির্বাচন নয়; এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, গণতন্ত্র রক্ষা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণের গুরুত্বপূর্ণ নির্বাচন।
তিনি বলেন, দেশের মানুষ আর দমন-পীড়ন, অবিচার ও একতরফা শাসন দেখতে চায় না। জনগণ চায় ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং জনগণের কাছে দায়বদ্ধ সরকার। সেই লক্ষ্য অর্জনে বিএনপি টানা ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব প্রসঙ্গে তাহসিনা রুশদীর লুনা বলেন, তিনি এখন কেবল একটি রাজনৈতিক দলের নেতা নন, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। প্রবাসে থেকেও তিনি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, আন্দোলনে দিয়েছেন দৃঢ় নেতৃত্ব এবং ভবিষ্যৎ বাংলাদেশের একটি সুস্পষ্ট রাজনৈতিক রূপরেখা তুলে ধরেছেন।
বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে তিনি বলেন, গণতন্ত্রের প্রশ্নে আপসহীন এই নেত্রীর ত্যাগ ও সংগ্রাম আজও আমাদের প্রেরণার উৎস। তাঁর আদর্শই আমাদের রাজনৈতিক পথচলার দিকনির্দেশনা।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ভয় কিংবা বিভ্রান্তি নয়, ঐক্যই বিএনপির সবচেয়ে বড় শক্তি। জনগণের বিজয় নিশ্চিত করতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
তিনি ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের বাংলাবাজারে স্থানীয় বিএনপির উদ্যোগে আয়োজিত শোকসভা এবং পরে উপজেলা মহিলা দলের আয়োজনে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা মহিলা দলের সভাপতি মুসলিমা আক্তার চৌধুরী-এর সভাপতিত্বে দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে শোকসভায় সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা ইয়াছিন আলী। অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পৃথক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি মইনুল হক চৌধুরী, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাবেক ইউপি চেয়ারম্যান মানিক মিয়া, মহিলা দলের নেত্রী সালেহা কবির শেপি, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা রহমান দিনা, যুবদল নেতা ফজল আহমেদ জনি,সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল ও মহিলা দলের নেতাকর্মীরা।