
(৯ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:৩৫ অপরাহ্ন
খুলনা বিভাগে ভোক্তা অধিকার সংরক্ষণে জোরদার তদারকি অভিযানে ৮ জেলার ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
খুলনা বিভাগীয় কার্যালয় ও এর আওতাধীন জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিভাগজুড়ে ১০টি পৃথক টিম একযোগে বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
তদারকিকালে নির্ধারিত দামের বেশি মূল্যে পণ্য বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে খুলনা মহানগরের সদর থানার টুটপাড়া সেন্ট্রাল রোড এলাকায় অভিযান চালিয়ে নিউ ওষুধ সম্ভারকে যথাযথ পণ্য সরবরাহ না করার দায়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় সহকারী পরিচালক দিনারা জামান-এর নেতৃত্বে অভিযানে আকবর খুলনা স্বাদ ঘরকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাগুরায় সহকারী পরিচালক মো. সজল আহম্মেদ-এর নেতৃত্বে কলেজপাড়া বাজারে অভিযান চালিয়ে মেসার্স সুইটস বেকারিকে অবৈধ খাদ্য উৎপাদন ও পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সাতক্ষীরায় সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর-এর নেতৃত্বে কামালনগর বাইপাস এলাকায় স্ট্যান্ডার্ড ভেজিটেবল অয়েলকে যথাযথ পণ্য সরবরাহ না করার অপরাধে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।
বাগেরহাটে সহকারী পরিচালক শরিফা সুলতানা-এর নেতৃত্বে রামপালের চাকশ্রী বাজারে অভিযান চালিয়ে উৎপল মিষ্টান্ন ভাণ্ডার, ফরেন স্টোর ও সৌরভ ফার্মেসিসহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
খুলনায় সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব-এর নেতৃত্বে সোনাডাঙ্গা থানার বানরগাতি বাজারে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
কুষ্টিয়ায় সহকারী পরিচালক মো. মাসুম আলী-এর নেতৃত্বে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজারে জুয়েল স্টোরকে ভেজাল ও মোড়ক সংক্রান্ত অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
যশোরে সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান-এর নেতৃত্বে চাচড়া বাজারে মধুমতী হোটেলকে অবৈধ খাদ্য উৎপাদনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মেহেরপুরে সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান-এর নেতৃত্বে সদর বাজারে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
ঝিনাইদহে সহকারী পরিচালক নিশাত মেহের-এর নেতৃত্বে শৈলকূপার কবিরপুর বাজারে দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।