
(৫ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ১০:৩৬ অপরাহ্ন
পিরোজপুরে স্ট্যাম্পে স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তে যোগ দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয় নামে এক সাবেক ছাত্রনেতা।
বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্প পেপারে অঙ্গীকারনামা প্রদান করে তিনি ছাত্রলীগের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এবং বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
মো. আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় খলিশাখালী এলাকার বাসিন্দা এবং মো. আ: হান্নান খানের জ্যেষ্ঠ পুত্র।
হৃদয় জানান, ২০১৬-১৭ সালে তাকে জোরপূর্বকভাবে বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। তিনি ২০১৯-২০ সাল পর্যন্ত নামমাত্র ওই কমিটিতে থাকলেও এরপর আর কোনো রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন না। বর্তমানে তিনি বিএনপির আদর্শে বিশ্বাসী হয়ে দলটির পক্ষে কাজ করতে চান।
তার বাবা মো. আ: হান্নান খান বলেন, “আমার ছেলে কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তবুও দীর্ঘদিন ধরে পুলিশ প্রশাসনের লোকজন তাকে খোঁজার নামে আমাদের বাড়িতে আসছে, যা আমাদের জন্য বিব্রতকর। আমার ছেলে কোনো মামলার আসামি নয়। আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি। সে কারণেই আমার ছেলে এখন প্রকাশ্যভাবে বিএনপিতে যোগ দিয়ে কাজ করতে চায়।”