
(৩ মাস আগে) ১৪ জানুয়ারি ২০২৬, বুধবার, ১১:৫২ অপরাহ্ন
তালিকায় বাংলাদেশ, পাকিস্তান, ইরানসহ বহু দেশ
আগামী সপ্তাহ থেকে বাংলাদেশ ও পাকিস্তানসহ বিশ্বের অন্তত ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বরাত দিয়ে ফক্স নিউজ জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং পুনঃমূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে।
প্রতিবেদনে বলা হয়, স্টেট ডিপার্টমেন্ট ইতোমধ্যে বিশ্বব্যাপী কনস্যুলার অফিসারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে। নতুন নির্দেশনার আওতায় ‘পাবলিক চার্জ’ আইনের ভিত্তিতে ভিসা আবেদনকারীদের আবেদন বাতিল করার ক্ষমতা আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে।
কী এই ‘পাবলিক চার্জ’ আইন
‘পাবলিক চার্জ’ আইনের আওতায়, কোনো ভিসা আবেদনকারী ভবিষ্যতে মার্কিন সরকারের ভাতা বা সামাজিক সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন এমন আশঙ্কা থাকলে তার ভিসা আবেদন বাতিল করা যাবে। নতুন মূল্যায়নে আবেদনকারীর বয়স, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক সক্ষমতা, দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন রয়েছে কি না এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।
স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য
এ বিষয়ে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগগট বলেন,
“আমরা দীর্ঘদিনের অভিজ্ঞতা ব্যবহার করে যাচাই করব, কোনো বিদেশি নাগরিক মার্কিন সমাজে অতিরিক্ত সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হতে পারেন কি না। যাদের ক্ষেত্রে এমন সম্ভাবনা থাকবে, তাদের ভিসা বাতিল করা হবে।”
নীতির পটভূমি
২০০২ সালের বিধান অনুযায়ী কনস্যুলার কর্মকর্তারা পাবলিক চার্জের ভিত্তিতে ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারতেন। তবে ২০১৯ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন এই নীতিকে আরও বিস্তৃত করে। পরে বাইডেন প্রশাসন এর কিছু অংশ শিথিল করলেও এবার নতুন করে পুনঃমূল্যায়নের অংশ হিসেবে ৭৫ দেশের জন্য ইমিগ্র্যান্ট ভিসা প্রসেসিং স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো।
যেসব দেশ স্থগিতাদেশের আওতায়
স্থগিতাদেশ পাওয়া দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো,বাংলাদেশ, পাকিস্তান, ইরান, আফগানিস্তান, কুয়েত, সোমালিয়া, রাশিয়া, থাইল্যান্ড, নাইজেরিয়া, ইয়েমেন, ইরাক, ব্রাজিলসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বহু দেশ।
বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করতে ইচ্ছুক বহু দেশের নাগরিকদের ভিসা প্রক্রিয়ায় অনিশ্চয়তা তৈরি হবে এবং এর প্রভাব পড়বে পারিবারিক পুনর্মিলন ও কর্মসংস্থানভিত্তিক অভিবাসন প্রক্রিয়ায়।