
(৮ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৯ অপরাহ্ন
সিটিটিসির অভিযানে গ্রেফতারকৃত দুইজন
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় কর্তব্যরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
ডিএমপি সূত্রে জানা গেছে, শেরেবাংলা নগর থানাধীন জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালের সামনের সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ দোকান উচ্ছেদকালে ট্রাফিক পুলিশ সদস্যদের ওপর এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ হাফিজুল শেখ (৪২) ও মোঃ জাহিদুল ইসলাম (৫০)।
সিটিটিসির তথ্য অনুযায়ী, গ্রেপ্তারকৃত দুইজনসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন বেআইনি জনতায় অংশ নিয়ে বাঁশের লাঠি, লোহার রড ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সার্জেন্ট মোঃ আরিফুজ্জামানসহ তার সঙ্গে দায়িত্বে নিয়োজিত ট্রাফিক সহায়তাকারীদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।
এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে সিটিটিসির স্পেশাল অ্যাকশন গ্রুপের এন্টি ইলিগ্যাল আর্মস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর বাংলামোটর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিটিটিসি।