
(৩ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৬:০৫ অপরাহ্ন
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণে সরকার নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে চর গাবসারা দাখিল মাদরাসার সুপার আব্দুর রউফ।
জানা গেছে, চলতি বছর ওই মাদরাসা থেকে মোট ৫৪ জন শিক্ষার্থী ২০২৬ সালের দাখিল পরীক্ষায় অংশ নেওয়ার কথা রয়েছে। এর মধ্যে নিয়মিত ৩২ জন শিক্ষার্থীর কাছ থেকে ফরম পূরণ বাবদ জনপ্রতি ৩ হাজার ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে। অন্যদিকে অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত ৬৮৫ টাকা থাকলেও তাদের কাছ থেকেও ১ হাজার থেকে দেড় হাজার টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।
সরকার নির্ধারিত ফি অনুযায়ী দাখিল পরীক্ষার ফরম পূরণে মোট ২ হাজার ৩৬০ টাকা নেওয়ার কথা। এর মধ্যে বোর্ড ফি ১ হাজার ৯২৫ টাকা, কেন্দ্র ফি ৪১০ টাকা এবং আইসিটি বিষয়ের জন্য ২৫ টাকা নির্ধারিত রয়েছে।
অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্ত করে এই অনিয়ম বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, টাকা নেওয়ার সময় কোনো রশিদ দেওয়া হয়নি। পরে সবাইকে একসঙ্গে রশিদ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
পরীক্ষার্থী মাহমুদা সুলতানার বাবা শহিদুল ইসলাম বলেন, তারা অত্যন্ত গরিব পরিবার। মেয়ের পরীক্ষার ফরম পূরণের জন্য মাদরাসা কর্তৃপক্ষ ৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করেছে। সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত টাকা নেওয়া হলেও প্রতিবাদ করার কোনো সুযোগ নেই বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে মাদরাসার সুপার আব্দুর রউফ অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়টি স্বীকার করে বলেন, ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়ার অনুমোদন রয়েছে। যাতায়াত ও অ্যাডমিট কার্ড সংক্রান্ত খরচের জন্য এই টাকা নেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
অভিযোগ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব হাসান বলেন, সরকার নির্ধারিত ফি’র বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত একটি টাকাও নেওয়ার সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।