
(৯ মাস আগে) ১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৯:১৯ অপরাহ্ন
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর পরিচয়পত্র পেশ করেছেন।
পরিচয়পত্র পেশ শেষে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন,আজ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে পরিচয়পত্র পেশ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। বাংলাদেশকে বন্ধু বলতে পেরে যুক্তরাষ্ট্র গর্বিত।
তিনি যুক্তরাষ্ট্র–বাংলাদেশের দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্কের কথা তুলে ধরে বলেন,৫০ বছরেরও বেশি সময়ের অংশীদারিত্বে আমরা আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করতে, দুই দেশের মানুষের উপকারে আসে এমন অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে এবং আমাদের উভয় দেশের সার্বভৌমত্বকে সম্মান ও শক্তিশালী করতে একসাথে কাজ করেছি।
রাষ্ট্রদূত আরও বলেন, এই অংশীদারিত্বকে ভবিষ্যতে আরও গভীর ও বিস্তৃত করার বিষয়ে তিনি আশাবাদী।এই কাজ চালিয়ে যেতে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক আরও দৃঢ় করতে আমি আগ্রহী।
পরিচয়পত্র পেশের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মতবিনিময় হয়।
রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, নতুন রাষ্ট্রদূতের নেতৃত্বে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দুই দেশের জনগণ এর সুফল ভোগ করবে।
বিশ্লেষকদের মতে, বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র–বাংলাদেশ সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণতন্ত্র, মানবাধিকার, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা—এসব বিষয়ে দুই দেশের সহযোগিতা আগামী দিনে আরও গুরুত্ব পাবে।
নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন দায়িত্ব নেওয়ায় এই সম্পর্ক নতুন গতি পাবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। দীর্ঘদিনের অংশীদারিত্বকে সামনে রেখে দুই দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার বার্তাই উঠে এসেছে আজকের এই কূটনৈতিক অনুষ্ঠানে।