
(৫ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৩০ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, প্রকৃত নেতৃত্ব মানে শুধু ক্ষমতায় থাকা নয়—বরং সংকটময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোই আসল নেতৃত্ব। আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া সেই বিরল ব্যক্তিত্ব, যিনি রাষ্ট্রক্ষমতার বাইরে থেকেও দেশের রাজনীতির গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় প্রশ্নে বেগম খালেদা জিয়ার অবস্থান সবসময় ছিল সুস্পষ্ট। তাঁর রাজনীতির মূল দর্শন ছিল—‘সবার আগে বাংলাদেশ’। দেশের স্বার্থ ক্ষুণ্ন হয়, এমন কোনো সিদ্ধান্ত তিনি কখনো নেননি। আজও তাঁর রাজনৈতিক আদর্শ সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।
এই আদর্শকে ধারণ করেই বিএনপি আগামীর বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে চায় বলে মন্তব্য করেন ফয়সল চৌধুরী।
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সদ্য সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার বিকেল ৩টায় বিয়ানীবাজার পিএইচজি স্কুল সংলগ্ন মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতা-কর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠটি কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দোয়ার সময় সৃষ্টি হয় এক আবেগঘন পরিবেশ।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি, জিয়া পরিবারের সদস্যদের নিরাপত্তা ও সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা। সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শাইস্তা চৌধুরী কুদ্দুসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া পরিচালনা করেন বিয়ানীবাজার উপজেলা মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম।