banglahour

গণতন্ত্র রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই

রাজনীতি | বিলকিস সুমি|সিলেট প্রতিনিধি

(৫ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ৯:৩১ অপরাহ্ন

সিলেটের বিশ্বনাথে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের প্রীতিগঞ্জ বাজারে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেন, “দেশকে সত্যিকারের উন্নয়নের পথে ফিরিয়ে আনতে, গণতন্ত্র রক্ষা করতে এবং মানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হলে আগামী নির্বাচনে বিএনপির কোনো বিকল্প নেই।”

তিনি বলেন, সিলেট-২ আসনের মানুষ আজও গর্বের সঙ্গে স্মরণ করেন নিখোঁজ নেতা এম. ইলিয়াস আলীর উন্নয়ন ও ত্যাগের ইতিহাস। তিনি শুধু একজন জনপ্রতিনিধি ছিলেন না—তিনি ছিলেন নিপীড়িত মানুষের ভরসাস্থল, সাহসী নেতৃত্বের প্রতীক এবং উন্নয়নের রূপকার। তাঁর হাতে শুরু হওয়া উন্নয়নের ধারা আজও মানুষের হৃদয়ে অমলিন হয়ে আছে।

লুনা আরও বলেন, দেশ আজ এক গভীর নেতৃত্ব সংকটে ভুগছে। এই সংকট থেকে উত্তরণে প্রয়োজন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী, সাহসী ও সময়োপযোগী নেতৃত্ব। তারেক রহমান শুধু একটি দলের নেতা নন, তিনি আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা।

উপজেলা বিএনপি নেতা মো. আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে এবং বিএনপি নেতা আব্দুস শহিদ ও যুবদল নেতা আব্দুর রবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. ময়নুল হক, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক গৌছ খানসহ দলীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংপুর কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা শফিকুর রহমান।

এর আগে তাহসিনা রুশদীর লুনা খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুরে মরহুম চান মিয়ার শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল