
(১০ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:০৬ অপরাহ্ন
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার থেকে পুনরায় শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটারদের বয়কটের কারণে বৃহস্পতিবারের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেগুলো শুক্রবারই আয়োজন করা হবে।
বৃহস্পতিবার গুলশানের নাভানা টাওয়ারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি মালিক এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে একাধিক বৈঠকের পর আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানো সম্ভব হয়েছে। খেলোয়াড়দের উদ্বেগ ও দাবির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করায় তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে বিতর্কিত মন্তব্যের ঘটনায় বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিরুদ্ধে বোর্ডের সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সদস্যসচিব ইফতেখার রহমান।
বিপিএল গভর্নিং কাউন্সিল আশা প্রকাশ করেছে, এই ঘটনার পর টুর্নামেন্টে আর কোনো অস্থিরতা থাকবে না এবং বাকি ম্যাচগুলো শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
ক্রিকেটপ্রেমীরাও আবার মাঠের খেলায় ফিরতে মুখিয়ে রয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।