banglahour

নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার: খন্দকার মুক্তাদির

রাজনীতি | বিলকিস আক্তার সুমি। ব্যুরো প্রধান । সিলেট ।

(৫ মাস আগে) ১৬ জানুয়ারি ২০২৬, শুক্রবার, ১১:১৪ অপরাহ্ন

নারীরা এখন আর পিছিয়ে নেই—তাদের প্রতিভা, মেধা ও সাহসিকতা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা খন্দকার মুক্তাদির। তিনি বলেন, সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তাদের প্রতিটি সাফল্য শুধু পরিবার নয়, পুরো সিলেটের গৌরব। নারী শক্তি আজ দেশ গড়ার বড় হাতিয়ার।

শুক্রবার বিকেলে নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত কনভেনশন হলে দিনব্যাপী বুম বক্স কমিউনিকেশন্স-এর আয়োজনে ‘নারীর কণ্ঠই ভবিষ্যতের শক্তি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির বলেন, নারীদের আরও এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি সহযোগিতা বাড়াতে হবে। বিশেষ করে সহজলভ্য ঋণ, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ এবং পণ্য বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে নারীরা অর্থনীতির মূল স্রোতে আরও শক্তভাবে দাঁড়াতে পারবেন।

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় নানা চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ সম্প্রসারণ, ব্যাংকিং সুবিধা সহজীকরণ এবং নারী নেতৃত্ব বিকাশে কার্যকর উদ্যোগ জরুরি। এ ক্ষেত্রে বিএনপি সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।

খন্দকার মুক্তাদির বলেন, সিলেটসহ সারাদেশে নারী উদ্যোক্তাদের জন্য ব্যাংকিং ব্যবস্থা সহজ করতে হবে। তরুণ প্রজন্মের মেয়েদের ব্যবসায়িক উদ্যোগে উৎসাহিত করতে আমরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিকল্পিতভাবে কাজ করব।

সংলাপে উপস্থিত বিশিষ্টজনরা

বুম বক্স কমিউনিকেশন্স-এর ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানী-র সভাপতিত্বে সংলাপে আরও অংশগ্রহণ করেন চেয়ারম্যান এ. এস. এম কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সিইও সৈয়দা শারমিন ফাতেমা, এবং শায়লা শোয়েব শান্তা রিফাতারা খান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জি টিভির রিপোর্টার ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি বিলকিস আক্তার সুমি, দৈনিক উত্তরপূর্বের সাব-এডিটর ও বাংলাদেশ নারী সাংবাদিক সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ইত্তেফাকের অমিতা সিনহা, চ্যানেল আই-এর ক্যামেরাপার্সন সুবর্ণা হামিদ, উদ্যোক্তা তাহিয়া তালবিয়া মিম, শিক্ষক তাহিয়া সিদ্দিকা, এনআরবি ইনভেস্টর পলি ইসলাম, সমাজসেবক মাসুমা চৌধুরী রুমিসহ আরও অনেকে।

সংলাপে বক্তারা নারীর ক্ষমতায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক অংশগ্রহণ বাড়াতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল