banglahour

রাষ্ট্র সবার, অধিকার সবারই সমান—রকিবুল ইসলাম বকুল

রাজনীতি | ব্যুরো প্রধান | খুলনা

(৫ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৫১ পূর্বাহ্ন

সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক সৌহার্দ্যের এক অনুকরণীয় দৃষ্টান্ত তৈরি হয়েছে খুলনার মহেশ্বরপাশা সাহাপাড়া শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির প্রাঙ্গণে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে ঐক্য ও ভালোবাসার বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।

শুক্রবার সাহাপাড়া শ্রী শ্রী শীতলা মন্দির কমিটির উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্দির প্রাঙ্গণে পৌঁছালে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ভক্তরা তাকে আন্তরিকভাবে স্বাগত জানান।

রকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে সম্পূর্ণ সাম্প্রদায়িকতা মুক্ত। বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে পরিচিত। ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় হলেও রাষ্ট্র সবার—এখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যেখানে সংখ্যালঘু-সংখ্যাগুরু কোনো ভেদাভেদ থাকবে না। দেশনায়ক তারেক রহমানের কল্পিত আধুনিক বাংলাদেশে সব ধর্মের মানুষ নিরাপদ ও নির্ভয়ে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারবেন, কেউ বৈষম্যের শিকার হবেন না।

শ্রী গোপাল সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহেশ্বরপাশা কালীবাড়ি পূজা ও মন্দির কমিটির সভাপতি প্রফেসর শ্রী মাধব চন্দ্র রুদ্র এবং ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শ্রী সত্যনন্দন দত্ত। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও হিন্দু সম্প্রদায়ের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার সকালে খালিশপুরের ১২ নম্বর ওয়ার্ডের প্রভাতী মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম বকুল।

একই দিন বিকেলে খালিশপুর থানা বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সাবেক সংসদ সদস্য কাজী সেকেন্দার আলী ডালিমের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে এবং খালিশপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন রকিবুল ইসলাম বকুল।

দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মঞ্জু। এছাড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শেখ সাদী, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়, যেখানে বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল