banglahour

দেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম: খন্দকার মুক্তাদির

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান | সিলেট

(৫ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৯:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:১১ পূর্বাহ্ন

নারীরা এখন আর পিছিয়ে নেই—তাদের মেধা, দক্ষতা ও সাহসিকতা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেটের নারী উদ্যোক্তারা যেভাবে নানা খাতে এগিয়ে আসছেন, তা সত্যিই অনুপ্রেরণার। তাদের সাফল্য শুধু ব্যক্তি বা পরিবারের নয়, বরং পুরো সিলেট অঞ্চলের গর্ব—এমন মন্তব্য করেছেন খন্দকার মুক্তাদির।

শুক্রবার বিকেলে নগরীর কুমারপাড়াস্থ একটি অভিজাত কনভেনশন হলে বুম বক্স কমিউনিকেশন্সের আয়োজনে দিনব্যাপী ‘নারীর কণ্ঠই ভবিষ্যতের শক্তি’ শীর্ষক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মুক্তাদির বলেন, আজ নারী শক্তিই দেশ গড়ার অন্যতম প্রধান হাতিয়ার। নারীদের আরও এগিয়ে নিতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা বাড়াতে হবে। বিশেষ করে সহজ শর্তে ঋণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং পণ্য বাজারজাতকরণের সুযোগ নিশ্চিত করা গেলে নারীরা অর্থনীতির মূল স্রোতে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবেন।

তিনি আরও বলেন, নারী উদ্যোক্তাদের ব্যাংকিং সুবিধা সহজ করা, ব্যবসা পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলা, ডিজিটাল মার্কেটিংয়ের সুযোগ সম্প্রসারণ এবং নারী নেতৃত্বের বিকাশে বিএনপি ভবিষ্যতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে। সিলেটসহ সারাদেশে তরুণ প্রজন্মের নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

বুম বক্স কমিউনিকেশন্সের ফাউন্ডার ও ব্যবস্থাপনা পরিচালক এম জি রব্বানীর সভাপতিত্বে সংলাপে আরও অংশ নেন এ.এস.এম কামরুজ্জামান চৌধুরী রুম্মান, সিইও সৈয়দা শারমিন ফাতেমা এবং শায়লা শোয়েব শান্তা রিফাতারা খান।

এছাড়া বক্তব্য রাখেন জিটিভির রিপোর্টার ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি বিলকিস আক্তার সুমি, দৈনিক উত্তরপূর্বের সাব-এডিটর ও বাংলাদেশ নারী সাংবাদিক সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মনিকা ইসলাম, ইত্তেফাকের অমিতা সিনহা, চ্যানেল আইয়ের ক্যামেরাপার্সন সুবর্ণা হামিদসহ উদ্যোক্তা, শিক্ষক, এনআরবি ইনভেস্টর ও সমাজসেবীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল