banglahour

নাগরিক শোক সভায় সাংবাদিক লাঞ্ছনার অভিযোগ, বিএনপি বিট রিপোর্টারদের তীব্র ক্ষোভ

জাতীয় | শাহরিয়ার রহমান । স্টাফ রিপোর্টার

(৯ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ১:৩১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৩৪ অপরাহ্ন

সংগৃহীত

 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত নাগরিক শোক সভায় দায়িত্ব পালনকালে কয়েকজন গণমাধ্যমকর্মী শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি বিটে কর্মরত সকল মাধ্যমের সাংবাদিকরা।

শুক্রবার রাতে এক যৌথ বিবৃতিতে তারা বলেন, শোকসভায় সাংবাদিকদের ওপর এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত দায়িত্ব পালনের পরিপন্থী।

প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আহমেদ সালেহীন অনুষ্ঠানস্থল থেকে লাইভ সম্প্রচার করছিলেন। এ সময় আয়োজক কমিটির সদস্য সচিব সালেহ উদ্দিন ‘এখানে লাইভ হবে না’ বলে উচ্চস্বরে চিৎকার করে সালেহীনের কলার ধরে টেনে নিয়ে যান। এক পর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগও ওঠে। পরে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ ও সাংবাদিকদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এছাড়াও, একই সময় গ্রীন টিভির রিপোর্টার আহসান হাবীবসহ আরও কয়েকজন সাংবাদিকের সঙ্গে আপত্তিকর ও অসম্মানজনক আচরণ করা হয় বলে অভিযোগ করেন উপস্থিত সাংবাদিকরা।

বিবৃতিতে বিএনপি বিটের সাংবাদিকরা বলেন, সালেহ উদ্দিনের এ ধরনের অপেশাদার ও উদ্ধত আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা প্রশ্ন তোলেন এ ধরনের মানসিকতার ব্যক্তিকে এত বড় একটি রাজনৈতিক আয়োজনের দায়িত্ব দেওয়া কতটা যৌক্তিক, তা বিএনপির দায়িত্বশীল মহলকে ভেবে দেখা প্রয়োজন।

এছাড়া বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন সংক্রান্ত সংবাদ সংগ্রহে মিডিয়া কার্ড সংগ্রহ এবং সম্প্রতি একটি হোটেলে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠানে প্রবেশ নিয়েও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে বিএনপি বিটের সাংবাদিকদের। এসব ঘটনায় সাংবাদিকরা বারবার বিব্রতকর পরিস্থিতির শিকার হয়েছেন, যা কোনোভাবেই কাম্য নয়।

বিএনপি বিট রিপোর্টাররা প্রত্যাশা করেন, দীর্ঘদিন ধরে প্রতিকূল পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালন করে আসা সাংবাদিকদের জন্য একটি নিরাপদ ও সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আরও সচেতন ভূমিকা পালন করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল