banglahour

কাউখালীতে খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া ও স্মরণসভা

রাজনীতি | মিলটন বাহাদুর | জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি

(৩ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৪:৩৬ অপরাহ্ন

রাঙ্গামাটির কাউখালী উপজেলায় বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে কাউখালী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ২৯৯ নম্বর রাঙ্গামাটি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিল এবং জেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি ছিলেন দৃঢ়চেতা ও বিচক্ষণ নেতা, যিনি কঠিন সময়েও অসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন। তিনি বলেন, খালেদা জিয়া কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি ছিলেন একটি আদর্শ। সামরিক ও বেসামরিক স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে তাঁর অবদান ইতিহাসে অনন্য।

তিনি আরও বলেন, দেশপ্রেম ছিল তাঁর রাজনীতির মূল ভিত্তি। ‘বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নেই—দেশই আমার আসল ঠিকানা’—এই দর্শন ধারণ করেই তিনি আজীবন রাজনীতি করেছেন। এ কারণেই শেষ বিদায়ে তিনি মানুষের অকৃত্রিম ভালোবাসা পেয়েছেন। খালেদা জিয়ার আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের আন্দোলনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল