
(৩ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৫:২৭ অপরাহ্ন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পিরোজপুরে জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় পিরোজপুর শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাবের টেনিস গ্রাউন্ডে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও ছাত্রদলের জেলা, পৌর ও জেলার সাতটি উপজেলা ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পিরোজপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত এবং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান।
এছাড়া কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান ও জুয়েল মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক আল আমিন হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্র রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আজীবন আপসহীন ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক ত্যাগ, সাহসী নেতৃত্ব ও অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।