banglahour

সিলেটে জনসমুদ্র হবে: তারেক রহমানকে সম্মান জানাতে প্রস্তুতি

রাজনীতি | বিলকিস আক্তার সুমি| ব্যুরো প্রধান | সিলেট

(২ মাস আগে) ১৭ জানুয়ারি ২০২৬, শনিবার, ৮:৪৯ অপরাহ্ন

সিলেট-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেছেন, আগামীর বাংলাদেশের জন্য মেধাবী ও জ্ঞানী প্রজন্ম গড়ে তুলতে হবে। তারা হবে সুস্থ ধারার রাজনীতিবিদ, শিক্ষক, চিকিৎসক ও বিজ্ঞানী, যারা নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। এজন্য আমাদের নৈতিক দায়িত্ব হলো নিরাপদ পরিবেশ তৈরি করা, যাতে তরুণরা বাধা-বিপত্তি ছাড়াই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারে।

গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সংযোগী সংগঠনের উদ্যোগে কুপারবাজারে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, নতুন প্রজন্মকে মেধাশূন্য করার জন্য নানা চক্রান্ত চলছে, যাতে বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বিশেষ করে মাদকের ভয়াল প্রভাবে তরুণ-যুব সমাজকে রক্ষা করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরিফুল হক চৌধুরী আরও বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে বিএনপির সম্ভাব্য রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তাই সিলেটবাসী তাকে সম্মান জানাতে জনসমুদ্রের আয়োজন করবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মাহবুব আহমদ, যুবদলের আহ্বায়ক এডভোকেট শাহাজান সিদ্দিকীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল