
(২ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার, ৬:২৩ অপরাহ্ন
সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)-এর প্রতি সড়ক পরিবহন খাতের সকল মালিক ও শ্রমিক সংগঠন পূর্ণাঙ্গ সমর্থন ঘোষণা করেছে। সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের কার্যালয়ে এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল। সভায় উপস্থিত বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ আসন্ন জাতীয় নির্বাচনে এম এ মালিকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, মালিক ও শ্রমিক কোনো ভিন্ন শ্রেণি নয়— সবাই শ্রমজীবী মানুষ। শ্রমজীবী মানুষের সম্মান, অধিকার ও এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করাই তার রাজনীতির মূল লক্ষ্য। তিনি নিজেকে একজন শ্রমজীবী মানুষের সন্তান হিসেবে পরিচয় দিয়ে বলেন, শ্রমিক পরিচয় তার কাছে গর্বের।
তিনি বলেন, “আমরা অপরাধী নই, আমরা শ্রম দিয়ে জীবন গড়ি। পৃথিবীর অধিকাংশ মানুষই শ্রমজীবী। সেই শ্রমজীবী মানুষের সরকার গড়তেই আমি রাজনীতি করছি।”
এম এ মালিক আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সিলেট-৩ আসনকে একটি আদর্শ এলাকায় পরিণত করা হবে। নির্বাচিত হলে তিনটি উপজেলায় স্থায়ী কার্যালয় স্থাপন করে জনগণের পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি। ভাঙাচোরা সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান ও অবকাঠামোগত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের কথাও উল্লেখ করেন।
তিনি বলেন, “আমি টার্মিনাল দখল করতে আসিনি, আমি এসেছি আপনাদের সেবা করতে। যখন ডাকবেন, তখনই পাশে পাবেন।” আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় নিশ্চিত করতে তিনি মালিক-শ্রমিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্বের প্রশংসা করেন এবং আগামী ২২ জানুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে সিলেটবাসীকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।
মতবিনিময় সভায় সিলেট জেলা বিএনপি ও বিভিন্ন পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।