banglahour

ভেজাল শিশু খাদ্য কারখানায় অভিযান, ১৫ লাখ টাকার পণ্য ধ্বংস

সারাদেশ | শেখ মনির হোসেন |জেলা প্রতিনিধি |ফরিদপুর

(৯ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৬, রবিবার, ৯:৩৫ অপরাহ্ন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভেজাল শিশু খাদ্য ও নকল আচার–চিপস উৎপাদনকারী একটি কারখানা ও গোডাউনে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।

প্রশাসন সূত্রে জানা যায়, আঁধারকোঠা গ্রামের বাসিন্দা হাসিবুর বিশ্বাসের দুই ছেলে বাহারুল বিশ্বাস ও রুহুল বিশ্বাস দীর্ঘদিন ধরে একটি স্টোর ও কারখানার আড়ালে ভেজাল শিশু খাদ্য, নকল আচার ও চিপস তৈরি করে বাজারজাত করছিলেন। অভিযানে পৌরসভার ট্রাকে চার ট্রাক ভর্তি ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে ছিল চটকদার মোড়কে মোড়ানো নকল জুস, আচার, চকলেট, চিপস, ভাজা, বিস্কুট, পঁচা নারকেল দিয়ে তৈরি নাড়ুসহ শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর বিভিন্ন ভেজাল খাদ্য। অভিযান শেষে জব্দকৃত সব খাদ্যসামগ্রী রোলার দিয়ে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ জানান, শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এসব খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং দায়ী প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল