
(৯ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ২:০১ অপরাহ্ন
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত গণভোট। তবে গণভোটে ‘হ্যাঁ’ কিংবা ‘না’ কোনটিতে ভোট দিলে কী পরিণতি হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট ধারণা নেই অনেক ভোটারের। ফলে বিষয়টি নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর আরও জোরালো প্রচারণার প্রয়োজনীয়তার কথা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রাজনীতি বিশ্লেষকদের মতে, সংসদ নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট হওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই গণভোটের বিষয়বস্তু, লক্ষ্য ও এর রাজনৈতিক তাৎপর্য সহজ ভাষায় জনগণের সামনে তুলে ধরা জরুরি।
২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী অন্তর্র্বতী সরকার বিচার, রাষ্ট্রীয় সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের অন্যতম দাবি ছিল কাঠামোগত সংস্কার। সেই লক্ষ্য বাস্তবায়নের পথ হিসেবে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে গণভোটের সিদ্ধান্ত আসে।
এনসিপির এক শীর্ষ নেতা বলেন,
“স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে হলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে মাঠে নামতে হবে। এটি শুধু একটি ভোট নয়, ভবিষ্যৎ রাষ্ট্রব্যবস্থার প্রশ্ন।”
অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষক শ ম আলী রেজা মনে করেন, গণভোট সম্পর্কে জনগণকে স্বচ্ছ ও নির্ভুল ধারণা দিতে সরকার এবং রাজনৈতিক দলগুলোর উচিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সমন্বিত সচেতনতা কার্যক্রম চালানো।
তিনি বলেন,
“ভোটাররা যদি না জানেন তারা কেন ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিচ্ছেন, তাহলে গণভোটের উদ্দেশ্য ব্যাহত হবে।”
এছাড়া তিনি সংসদ নির্বাচন কিংবা যেকোনো ধরনের ভোটে অংশগ্রহণের জন্য ভোটারদের নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।
সব মিলিয়ে, সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। বিশ্লেষকদের মতে, গণভোটের সফলতা অনেকটাই নির্ভর করবে প্রচারণা, সচেতনতা এবং ভোটের পরিবেশের ওপর।