banglahour

মোটরসাইকেল রাখা নিয়ে ঠাকুরগাঁওয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নারীসহ আহত ৩

রাজনীতি | এমদাদুল ইসলাম ভূট্টো| জেলা প্রতিনিধি | ঠাকুরগাঁও

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ২:৩৬ অপরাহ্ন

মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নারীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ মহেষপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

আহতদের মধ্যে রয়েছেন—শিবগঞ্জ মহব্বতপুর কারিগরি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও মহেষপুর চৌধুরী বাড়ি জামে মসজিদের ইমাম আবু সাঈদ (৩২), স্থানীয় ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল সরকার সাদ্দাম (৩০) এবং খোরশেদ আলীর স্ত্রী সেলিনা বেগম (৪৫)। আবু সাঈদ জামায়াত সমর্থক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে মহেষপুর গ্রামে তার আত্মীয় আবু সাঈদের বাড়িতে যান। এ সময় বাড়ির আশপাশে কয়েকটি মোটরসাইকেল রাখা হয়। উঠান বৈঠক শেষে দেলাওয়ার হোসেন এলাকা ত্যাগ করার পর মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে জামায়াত সমর্থিত কর্মী আবু সাঈদের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি জামিল সরকার সাদ্দাম ও অপর এক কর্মীর হাতাহাতি হয়। পরিস্থিতি শান্ত করতে ঘটনাস্থলে গেলে সেলিনা বেগমও আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আহত শিক্ষক আবু সাঈদ অভিযোগ করে বলেন, মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে তাকে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে তার ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে জামিল সরকার সাদ্দাম বলেন, জামায়াতের লোকজন তার এলাকা দিয়ে মোটরসাইকেল ঢোকানো নিয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা করা হয় বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ঘটনার বিষয়ে পুলিশ অবগত রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল