banglahour

২২ জানুয়ারির জনসভা সফল করতে খন্দকার মুক্তাদিরের দিনভর প্রচারণা

রাজনীতি | বিলকিস আক্তার সুমি|ব্যুরো প্রধান |সিলেট

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:২৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:২৬ অপরাহ্ন

আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেটে আসছেন এবং আলীয়া মাদ্রাসা মাঠে দলের প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা নিয়মিত প্রস্তুতি সভা, প্রচারপত্র বিতরণ ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছেন।

সিলেট সদর উপজেলার বিভিন্ন এলাকায় (৮ নং কান্দিগাঁও ইউনিয়ন, সোনাতলা গোপাল পয়েন্ট, ৩৯ নং ওয়ার্ডের মইয়ারচর ও ৮ নং মোগলগাঁও ইউনিয়নের গালমশাহসহ) পথসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ২২ জানুয়ারির জনসভা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছে। তাই সিলেটের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে জনসভায় অংশগ্রহণ করতে হবে।

খন্দকার মুক্তাদির আরও বলেন, তারেক রহমানের সিলেট সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অতীতের সব বাধা ও ভয়ভীতি উপেক্ষা করে সিলেটের মানুষ গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে; এবারও ঐক্যবদ্ধভাবে জনসভা সফল করবে। তিনি বলেন, এই জনসভা শুধুমাত্র একটি নির্বাচনী আয়োজন নয়, এটি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের শক্তিশালী বহিঃপ্রকাশ। তাই সবাইকে একত্রে এসে জনসভা সফল করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, জেলা বিএনপির উপদেষ্টা ইসলাম উদ্দিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সম্পাদক জাহেদ আহমদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, ২২ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হবে। এর আগের রাতে তারেক রহমান বিমানযোগে সিলেটে পৌঁছাবেন। প্রচারের প্রথম দিনে তিনি সকালেই হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। বেলা ১১টায় আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভা শেষে তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন এবং পথে মৌলভীবাজারের শেরপুর ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পৃথক জনসভায় অংশগ্রহণ করবেন। সেখানে তিনি সংশ্লিষ্ট জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল