banglahour

ফরিদপুর-১ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শাহ মো. আবু জাফর

রাজনীতি | জেলা প্রতিনিধি | ফরিদপুর

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৮ অপরাহ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (মধুখালী–বোয়ালমারী–আলফাডাঙ্গা) থেকে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি ফরিদপুরের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে শাহ মো. আবু জাফর জানান, সম্প্রতি তিনি শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নির্বাচন পরিচালনার মতো উপযোগী নয়। শরীরে একাধিক জটিলতা থাকায় জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। এসব বিবেচনায় তিনি এবারের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তবে ভবিষ্যতে ফরিদপুর-১ আসনের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এর আগে গত ২৯ ডিসেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে বোয়ালমারী উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রকিবুল ইসলামের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন শাহ মো. আবু জাফর।

বর্তমানে ৮০ বছর বয়সী এই বীর মুক্তিযোদ্ধা একাদশবারের মতো সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। চার দশকের বেশি সময় ধরে সক্রিয় রাজনীতিতে যুক্ত শাহ মো. আবু জাফর ১৯৭৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১০টি জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন। এসব নির্বাচনে তিনি ছয়টি ভিন্ন দল ও জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চারবার জয়ী হলেও ছয়বার পরাজয়ের মুখ দেখতে হয় তাঁকে। সবমিলিয়ে রাজনৈতিক জীবনে তিনি সাতবার দল পরিবর্তন করেছেন।

তার রাজনৈতিক যাত্রা শুরু হয় ১৯৭৯ সালে আওয়ামী লীগ (মালেক) দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মাধ্যমে। ১৯৮৬ সালে বাকশালের প্রার্থী হয়ে এবং ১৯৮৮ সালে জাতীয় পার্টির মনোনয়নে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ২০০৫ সালের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি।

অন্যদিকে, ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হন। ২০০১ সালে জাতীয় পার্টি (নাজিউর রহমান মঞ্জু) ও বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েও জয় পাননি। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে এবং ২০২৪ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নির্বাচন করে পরাজিত হন তিনি।

প্রসঙ্গত, ফরিদপুর-১ আসনে এবারে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাই শেষে আটজনের মনোনয়ন বাতিল হয়। আপিলে তিনজন মনোনয়ন ফিরে পেয়ে মোট ১০ জন প্রার্থী চূড়ান্ত হন। শাহ মো. আবু জাফর সরে দাঁড়ানোয় এখন এ আসনে নয়জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।

চূড়ান্ত প্রার্থীরা হলেন—
খন্দকার নাসিরুল ইসলাম (বিএনপি), মো. ইলিয়াস মোল্লা (জামায়াত), মোহাম্মদ খালিদ বিন নাসের (বাংলাদেশ কংগ্রেস), মো. শরাফাত হোসাইন (বাংলাদেশ খেলাফত মজলিস), মো. সুলতান আহমেদ (জাতীয় পার্টি) এবং স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান অপু, সাংবাদিক আরিফুর রহমান দোলন, মো. আবুল বাশার খান ও মো. গোলাম কবির মিয়া।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল