banglahour

জুলাই সনদ বাস্তবায়ন হলে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না

জাতীয় | মো. মিজানুর রহমান | জেলা প্রতিনিধি | পিরোজপুর

(৬ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৮:১৬ অপরাহ্ন

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে ভবিষ্যতে দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসনের জন্ম হবে না। এ লক্ষ্যেই সরকার গণভোটের আয়োজন করেছে। জনগণ একমত হলে ‘হ্যাঁ’ ভোট দেবেন, আর একমত না হলে ‘না’ ভোট দেবেন—তবে সরকার ও জুলাই যোদ্ধারা ‘হ্যাঁ’-এর পক্ষেই অবস্থান নিয়েছেন।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গণভোট প্রচার ও উদ্বুদ্ধকরণ উপলক্ষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা রক্ত দিয়েছেন ও আহত হয়েছেন, তাদের সঙ্গে করা অঙ্গীকার থেকে সরে আসার কোনো সুযোগ নেই। তিনি বলেন, “জুলাই যোদ্ধারা শুধু সরকার পরিবর্তনের জন্য রক্ত দেয়নি। বিগত সরকার স্বৈরাচারী নয়, বরং ফ্যাসিবাদী ছিল। তারা ১৫ বছর ধরে হত্যা, গুম ও নিপীড়নের মাধ্যমে মানুষের কণ্ঠ রোধ করেছে।”

তিনি আরও বলেন, ১৯৭২ সালের সংবিধান বারবার প্রয়োজন অনুযায়ী সংশোধন করা হয়েছে ক্ষমতায় টিকে থাকার স্বার্থে। জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে ভবিষ্যতে যেন কোনো সরকার এককভাবে সংবিধান সংশোধন করতে না পারে এবং কেউ স্বৈরাচার বা ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে—সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে। সংসদে যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের জুলাই সনদের বিরোধিতা করার কোনো সুযোগ থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান এবং জেলা তথ্য অফিসের উপপরিচালক পরিক্ষিৎ চৌধুরী। এছাড়া জুলাই যোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনগণ সমাবেশে অংশ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল