banglahour

ফরিদপুরে যুবদের প্রশ্নে মুখোমুখি জামায়াত প্রার্থী আব্দুত তওয়াব

রাজনীতি | জেলা প্রতিনিধি | ফরিদপুর

(২ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ৯:০১ অপরাহ্ন

“চলো একসাথে বাংলাদেশ গড়ি” স্লোগানে ফরিদপুরে যুব সমাজের সঙ্গে সরাসরি মতবিনিময় করে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন ফরিদপুর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর আব্দুত তওয়াব।

সোমবার বিকেলে শহরের অম্বিকা মেমোরিয়াল হলে “আগামীতে কেমন বাংলাদেশ দেখতে চাই” শীর্ষক সাক্ষাৎ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী ও পুরুষ শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন তিনি।

প্রফেসর আব্দুত তওয়াব বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের যে উন্নয়ন হওয়ার কথা ছিল, পৃথিবীর বুকে যেভাবে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা ছিল—তা বাস্তবায়ন হয়নি। তিনি ২০২৪ সালের গণআন্দোলনের শিক্ষা “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগানের আলোকে ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জামায়াত ক্ষমতায় এলে অমুসলিমদের প্রতি আচরণ কেমন হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জান-মাল ও মৌলিক অধিকার সবার জন্য সমান। ইসলামী শাসনব্যবস্থায় অমুসলিমদের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করা হবে এবং এর ঐতিহাসিক দৃষ্টান্ত রয়েছে। মুসলিম ও অমুসলিম নাগরিকের মধ্যে কোনো বৈষম্য থাকবে না।

নারীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, সমাজে ধর্মীয় অনুশাসন প্রতিষ্ঠিত হলে নারী-পুরুষ কেউই অনিরাপদ থাকবে না। পাশাপাশি পাবলিক প্লেসে পরিচ্ছন্ন ও নিরাপদ ওয়াশরুম, চেঞ্জিং রুম ও প্রেয়ার রুম স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

সুচিকিৎসা নিশ্চিত করতে ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং হাসপাতালের সক্ষমতা বাড়িয়ে কমপক্ষে দেড় হাজার শয্যায় উন্নীত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। জনগণের ভোটে নির্বাচিত হলে এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার অঙ্গীকারও করেন।

নির্বাচিত হওয়ার পর জনগণের সঙ্গে যোগাযোগ কতটা সহজ হবে—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, তার বাড়িতে কোনো লোহার গেট বা দারোয়ান নেই। বর্তমানে যেমন সরাসরি দেখা করার সুযোগ রয়েছে, নির্বাচিত হলেও সেই সুযোগ থাকবে। অভিযোগ ও মতামত জানানোর জন্য ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমও উন্মুক্ত থাকবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি বাজেট ব্যয়ে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। কোন খাতে কত ব্যয় হয়েছে, তা ওয়েবসাইটে প্রকাশের উদ্যোগ নেওয়া হবে।

শেষে তিনি বলেন, “আমরা জনগণের সেবক হতে চাই, শাসক নয়।”

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল