
(৮ মাস আগে) ১৯ জানুয়ারি ২০২৬, সোমবার, ১১:৩৩ অপরাহ্ন
খুলনা জেলা পরিষদে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে দুদকের একটি টিম জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প ও সরকারি বাসভবন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করে।
দুদক সূত্র জানায়, জেলা পরিষদের কয়েকটি উন্নয়ন প্রকল্পে অনুমোদন ও বাস্তবায়নে অস্বচ্ছতা, পাশাপাশি সরকারি বাসভবন পরিত্যক্ত দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে দুদকের টিম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের কার্যালয়ে অবস্থান করে বিভিন্ন নথি ও তথ্য সংগ্রহ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে সংশ্লিষ্ট প্রকল্প, ব্যয় বরাদ্দ ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হয়।
তদন্ত শেষে দুদকের কর্মকর্তারা জেলা পরিষদ কার্যালয় ত্যাগ করেন।
এ বিষয়ে খুলনা জেলা পরিষদের প্রশাসক আবু সাঈদ মনজুরুল আলম অভিযানের সত্যতা স্বীকার করে বলেন,
একজন কর্মকর্তার বাসভবন সংক্রান্ত বিষয় এবং জেলা পরিষদের কয়েকটি প্রকল্পে অনুমোদনের অস্বচ্ছতার অভিযোগে দুদকের একটি টিম তদন্ত করছে।
তিনি আরও জানান, জেলা পরিষদ কর্তৃপক্ষ তদন্তে সর্বাত্মক সহযোগিতা করছে।
দুদক টিম জানিয়েছে, তারা জেলা পরিষদের একাধিক বিষয় নিয়ে প্রাথমিক তদন্ত করছেন। প্রয়োজনে আগামীকালও আরও তথ্য ও নথি সংগ্রহ করা হবে। তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তারা।
খুলনা জেলা পরিষদে দুদকের এই অভিযান ঘিরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছেন স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষ।