
(২ মাস আগে) ২০ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৬:১০ অপরাহ্ন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট আগমনকে সামনে রেখে তাঁর শ্বশুরবাড়ী পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৩ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মালিক।
মঙ্গলবার দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহীমপুরে ডা. জুবাইদা রহমানের পিতা মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাড়িতে এ পরিদর্শন করেন তিনি।
এ সময় এম এ মালিক বলেন, দীর্ঘদিন পর আন্তর্জাতিকভাবে সুপরিচিত চিকিৎসক ডা. জুবাইদা রহমান তাঁর পৈতৃক বাড়িতে আগমন করবেন—এটি সিলেটবাসীর জন্য গর্বের ও আনন্দের বিষয়। এতে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জসহ পুরো অঞ্চলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, হযরত শাহজালাল (রহ.)-এর পুণ্যভূমি সিলেটে তারেক রহমানের আগমন আমাদের জন্য বড় সম্মানের। মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন এবং মাদ্রাসা মাঠে জনসভায় তাঁকে বিপুলভাবে স্বাগত জানানো হবে।
এম এ মালিক জানান, ডা. জুবাইদা রহমান ও তারেক রহমানের আগমন উপলক্ষে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অত্যন্ত আন্তরিকতা ও সক্রিয়তার সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন। এলাকার উদ্দীপনা ও জনসমর্থন ভবিষ্যৎ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
পরিদর্শন শেষে দক্ষিণ সুরমাবাসীর পক্ষ থেকে ডা. জুবাইদা রহমান ও তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানান এম এ মালিক।
এ সময় উপস্থিত ছিলেন ডা. জুবাইদা রহমানের চাচাতো ভাই বাবর আলী, জাহাঙ্গীর, নাসির উদ্দীন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।